চৌগাছায় হাম জ্বরে আক্রান্ত হয়ে ওবাইদুল ইসলাম সবুজ (৪০) নামে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। তিনি পাশাপোল ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গতকাল শনিবার যশোরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ওবাইদুল পাশাপোল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর জ¦রে আক্রান্ত হলে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। অবস্থার উন্নতি না হওয়ায় ১১ অক্টোবর তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি হাম জ¦রে আক্রান্ত হয়েছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। স্বজনেরা জানান, তার আগে থেকেই অ্যাজমা, হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা ছিল। এর আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালের কাস্টমার কেয়ার কর্মকর্তা নাজিম উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তার মরদেহ গ্রামে নিয়ে এলে ইউএনও ফারজানা ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিন বাদ আসর পাশাপোল স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
