প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ পিএম
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১০৩টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল এবং কিছু স্থগিত হয়েছে। এসব ফ্লাইটের ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের তথ্যমতে, বিঘ্নের শিকার ১০৩টি ফ্লাইটের মধ্যে ৪২টি সরাসরি এবং ৬১টি ট্রানজিট ফ্লাইট। এর আগের দিন বুধবার পর্যন্ত ১০০টি ফ্লাইটে প্রভাব পড়েছিল। তখন ভোগান্তিতে পড়েছিলেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী। নতুন তথ্যে ফ্লাইটের সংখ্যা তিনটি এবং ভুক্তভোগী যাত্রীর সংখ্যা ৩৮৬ জন বেড়েছে।
বিঘ্নের শিকার সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের আট টি এবং রিয়াদ এয়ারের সাত টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের আট টি, সালাম এয়ারের সাত টি, ফ্লাইদুবাইয়ের ছয় টি, এয়ার ইন্ডিয়ার তিন টি এবং ইজিপ্ট এয়ারের এক টি ফ্লাইট চলাচলে প্রভাব পড়েছে।
