রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তারা আটক হন।
আটকরা হলেন সিরাজগঞ্জের ওমর আলী ও দিনাজপুরের মিথুল ইসলাম। এর মধ্যে মিথুল কনস্টেবল হিসেবে রংপুর পুলিশ লাইন্সে কর্মরত। ওমর আলী আগেও মাদকসহ ধরা পড়েছিলেন এবং সেই ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রয়েছেন।
অধিদপ্তর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পায়রা চত্বর এলাকার ‘স্কাই ভিউ’ হোটেলের একটি কক্ষে তাদের দুজনকে পাওয়া যায়। এ সময় তল্লাশি চালিয়ে খাটের নিচে থাকা একটি সিগারেটের প্যাকেট থেকে ১৯ পিস ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া মাদক সেবনের পাইপ, গ্যাস লাইট ও ফয়েল পেপার জব্দ করা হয়।
ঘটনার পর অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে দুজনকে আদালতে তোলা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, আটক দুই পুলিশ সদস্যের একজন বরখাস্ত রয়েছেন। অন্যজন রংপুর পুলিশ লাইন্সে কর্মরত। মাদক মামলায় দুজনকে সরাসরি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
