ছবি: সংগৃহীত
-->অপেক্ষা ছিল দীর্ঘ সাত বছরের। প্রথম এটিপি শিরোপার জন্য একের পর এক বাধা পেরোতে হয়েছে আলেহান্দ্রো ডেভিডোভিচ ফোকিনাকে। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সাফল্যের নতুন অধ্যায় লিখছেন স্প্যানিশ এই টেনিস তারকা। চলতি মৌসুমেই জিতেছেন ক্যারিয়ারের প্রথম তিনটি এটিপি শিরোপা।
রবিবার (১৮ অক্টোবর) কুইঝাং ফরেস্ট স্পোর্টস সিটি অ্যারেনায় সাংহাই মাস্টার্সের ফাইনালে স্বদেশি রাফায়েল জোদারকে হারিয়ে শিরোপা জেতেন ফোকিনা। প্রথম সেটে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। শেষ পর্যন্ত ১-৬, ৭-৬(৫), ৬-৪ গেমে জয় তুলে নেন ২৭ বছর বয়সি এই খেলোয়াড়।
এর আগে জুনে মায়োর্কা ও গত মাসে চেংদুতে শিরোপা জিতেছিলেন ফোকিনা। ফলে চলতি মৌসুমে তার শিরোপার সংখ্যা দাঁড়াল তিনে। অথচ ক্যারিয়ারের প্রথম পাঁচটি ফাইনালেই হারতে হয়েছিল তাকে।
সাংহাইয়ে জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে ফোকিনা বলেন, ‘চায়না সুইংয়ে আমি যা অর্জন করেছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। দুই মাস মাঠের বাইরে থাকার পর ফিরে এসে দুটি শিরোপা জিতব, তা কখনো ভাবিনি। তবে আমি ভীষণ আনন্দিত।’
এই সাফল্যের পেছনে নিজের কোচিং স্টাফ ও দলের অবদানের কথাও তুলে ধরেন তিনি। চোটের কারণে মাঠের বাইরে থাকার সময়ও তারা তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। কঠোর অনুশীলনে মনোযোগ ধরে রাখতে সাহায্য করেছেন।
ফোকিনা বলেন, ‘আমার দল বিশ্বাস করত, আমি এই সাফল্যের যোগ্য। তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। কারণ, তারা সব সময় আমার ওপর আস্থা রেখেছে।’
দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়েও। ২৬ নম্বর অবস্থান থেকে উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ১৩ নম্বরে।
পাপ্পু/
