সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়ার পথে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরে আটক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি শেখ এহসান আহমদ উজ্জ্বল। আজ বুধবার (২১ অক্টোবর) সিলেট বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, উজ্জ্বল আহমদ সৌদি আরবের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন। ফ্লাইটে ওঠার আগে তাকে আটক করা হয়।
পরিবার জানায়, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে বিদায় ও দোয়া নিয়ে ওমরাহ পালন করতে যাচ্ছিলেন উজ্জ্বল। ২ নভেম্বর ওমরাহ শেষে দেশে ফেরার কথা ছিল তার। এরই মধ্যে বিমানবন্দরে তাকে আটক করার খবর পান তারা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রতন শেখ বলেন, বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকে আটক করে আমাদের খবর দেওয়া হয়েছে। পুলিশ সিলেট যাচ্ছে তাকে গ্রহণ করতে। রাতেই তাকে সদর থানায় নিয়ে আসা হবে।
