চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে বেনিনের কাছে ২৭-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। মঙ্গলবার সুজৌতে অনুষ্ঠিত ৮০ মিনিটের ম্যাচে ভারতীয় দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফ্রিকার দেশটির যুবারা।
ম্যাচজুড়েই বেনিনের আক্রমণের সামনে অসহায় ছিল ভারত। একের পর এক গোল করে প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারায় বেনিনের তরুণ খেলোয়াড়েরা।
বেনিনের হয়ে জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো চারটি করে গোল করেন। এ ছাড়া ইজুদিন বুকারি করেন হ্যাটট্রিক। ভারতের খেলোয়াড়দের দুটি আত্মঘাতী গোলও ব্যবধান বাড়িয়ে দেয়।
চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে বেনিন। নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি। এবার ভারতের বিপক্ষে ২৭ গোল করে দুই ম্যাচে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪। বিপরীতে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি তারা।
টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে বেনিন। দুই ম্যাচেই প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দিয়ে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে দলটি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ চীনের দ্বিতীয় দলের মুখোমুখি হবে বেনিন। দুই দলই প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচের ফলেই নির্ধারিত হবে গ্রুপসেরা কে হচ্ছে।
ভারতের বিপক্ষে এমন বড় জয় বেনিনের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। এখন দেখার বিষয়, গ্রুপ পর্বের শেষ ম্যাচেও গোলের এই ধারাবাহিকতা ধরে রেখে শীর্ষস্থান নিশ্চিত করতে পারে কি না আফ্রিকার দলটি।
The post ভারতকে ২৭-০ গোলে বিশাল ব্যবধানে হারাল বেনিন appeared first on ভোরের চেতনা.
