আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বজনীন, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে সাতক্ষীরা সীমান্তজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী ৩৮টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় ৩০০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদরের সংলগ্ন ৩ কিলোমিটারের মধ্যে ৯টিসহ মোট ৩৮টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষে ১৫ অক্টোবর থেকে বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করেছেন।
নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সরেজমিনে তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি সীমান্তসংলগ্ন পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। একই সাথে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাদমান সাকিব ব্যাটালিয়ন সদরের আওতাধীন পূজামণ্ডপগুলো পরিদর্শনের পাশাপাশি মোতায়েনকৃত দলগুলোকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে বিজিবি পূজা চলাকালীন সময়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সদস্যরা সার্বক্ষণিক তৎপর ও সতর্ক অবস্থায় রয়েছে।
বিজিবি সূত্র আরও জানায়, শুধু সাতক্ষীরাতেই নয়— বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর রিজিয়নের আওতাধীন সমগ্র এলাকার ২২২টি পূজামণ্ডপে মোট ২ হাজার বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। তারা দুর্গোৎসব চলাকালীন দিনরাত সার্বক্ষণিক নিরাপত্তামূলক দায়িত্ব পালন করবেন।
