ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মহাসড়কের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) এবং রংপুর সদর উপজেলার হরকলি চৌরাপাড়া এলাকার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাচ্ছিল। পথে বেড়তলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়ক বিভাজকের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার পর আহত যাত্রীদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মৃত্যু হয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
বিআলো/আমিনা