বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ১৪৪৮ হিজরি সনের জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান। পরে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তের বিষয়টি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ কারণে সোমবার (১২ অক্টোবর) রবিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হবে। পরদিন মঙ্গলবার থেকে শুরু হবে পবিত্র জমাদিউল আউয়াল মাস।
সভায় ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর, স্পারসো, তথ্য অধিদপ্তর, মন্ত্রিপরিষদ বিভাগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
