শৈলকুপায় অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম
প্রতীকী ছবি
-->ঝিনাইদহের শৈলকুপায় ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ১ নম্বর ত্রিবেণি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান রামচন্দ্রপুর কাজীপাড়া গ্রামের মো. বাবলু সরদারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে পাকা রাস্তার ওপর খেলাধুলার সময় একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোভ্যান শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে পাকা রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। উপস্থিত স্থানীয়রা শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
নিহত শিশুর মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় আব্দুর রহমানের পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আলমগীর/নাঈম
আরও পড়ুন
ঝাড়ফুঁকের আড়ালে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদরাসার অধ্যক্ষ গ্রেপ্তার
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
-->শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর পেটব্যথায় অসুস্থ হয়ে পড়ে কিশোরীটি। মেয়েকে সুস্থ করার আশায় তার মা তাকে হোসাইন আহম্মেদের কাছে নিয়ে যান। এ সময় হোসাইন আহম্মেদ কিশোরীর মাকে সরিষার তেল ও পানির বোতল আনতে বাড়িতে পাঠান। কিশোরীর মা বাড়িতে যাওয়ার পর ঘরের দরজা বন্ধ করে আলো নিভিয়ে দেন হোসাইন আহম্মেদ। এরপর কিশোরীকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং একপর্যায়ে তার পোশাক ছিঁড়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠে। কিশোরীর চিৎকার ও ছটফটানির শব্দ শুনে তার মা এবং আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। ঘটনার পর কিশোরীর মা নড়িয়া থানায় মামলা করেন। পরে অভিযুক্ত হোসাইন আহম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হোসাইন আহম্মেদ নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সেকান্দার আব্দুল আজিজ।
এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
বিধান মজুমদার অনি/এসএন
আরও পড়ুন
সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, মুখোমুখি এনসিপি-বিএনপি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পিএম
ছবি: খবরের কাগজ
-->রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোদাগাড়ী মডেল থানায় মামলাটি করেন উপজেলা প্রশাসনের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন। ইউএনও কার্যালয়ে তালা দিয়ে সরকারি কাজে বাধা ও জনভোগান্তি সৃষ্টির অভিযোগে এ মামলা করা হয়।
এদিকে, তালা দেওয়ার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। তারা সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে গোদাগাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে ইউএনও কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। সরকারি কাজে বাধা সৃষ্টি করে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। তারা প্রশাসনের কাজে সহযোগিতা করার আশ্বাস দিয়ে ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার ঘটনার নিন্দা জানান এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
বক্তারা আরও বলেন, বিএনপি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায়। তবে কোনো মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব, সহসভাপতি মোস্তফা ও নাসির উদ্দিন বাবু, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, জেলা যুবদলের সদস্য ডালিম, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ ও সদস্যসচিব বাবু, কাঁকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরসালান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ ও সদস্যসচিব কাওসার এবং পৌর ছাত্রদলের মোবিনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সোমবার দুপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে ইউএনও ইসরাত জাহানের অপসারণ দাবিতে উপজেলা প্রশাসনিক ভবন ঘেরাও করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। একপর্যায়ে তারা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন। এতে প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক ভবনের কার্যক্রম বন্ধ থাকে। সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এ ঘটনায় সোমবার রাতে গোদাগাড়ী মডেল থানায় মামলা করে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এতে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, গোদাগাড়ী উপজেলায় নতুন করে নিয়োগ পাওয়া ১১ জন সার ডিলারই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট এবং দলীয় সুপারিশে নিয়োগ পেয়েছেন। নিয়োগপ্রক্রিয়ায় দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে তারা প্রতিবাদ জানান। তবে এ ঘটনায় দায়ের করা মামলা পরিকল্পিত।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর সদস্য সচিব আতিকুর রহমান বলেন, সার ডিলার নিয়োগে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিএনপির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় আমরা ভীত নই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এনায়েত করিম/এসএন
আরও পড়ুন
দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান, সংগ্রহ করেছে গুরুত্বপূর্ণ নথিপত্র
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম
দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দুদকের অভিযান। ছবি: খবরের কাগজ
-->দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বোর্ডের বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন দুদকের কর্মকর্তারা।
অভিযান শেষে বোর্ড চেয়ারম্যানের কক্ষেও বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করা হয়।
স্কুল পরিবর্তন, শিক্ষার্থীদের নাম ও রেজিস্ট্রেশন সংশোধন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি অনুমোদন, পাঠদানের অনুমতি ও নবায়ন এবং স্বীকৃতি প্রদানসহ বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। এসব কার্যক্রমে সরকারি নির্ধারিত ফির বাইরে অর্থ গ্রহণ, সংগৃহীত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়া এবং বিধিবহির্ভূতভাবে বিভিন্ন সেবা দেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আতাউর রহমান সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে এ এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এ সময় শিক্ষা বোর্ডের বিভিন্ন শাখার কার্যক্রম পরিদর্শন, নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
স্কুল পরিবর্তন ও রেজিস্ট্রেশন সংশোধনে অর্থ গ্রহণের অভিযোগ
দুদক সূত্রে জানা গেছে, শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শন শাখাসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এক স্কুল থেকে অন্য স্কুলে স্থানান্তর বা স্কুল পরিবর্তনের আবেদনের ক্ষেত্রে অর্থ গ্রহণ এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনের অনুমোদন, নাম ও রেজিস্ট্রেশন সংশোধনসহ বিভিন্ন সেবা পেতে অভিভাবকদের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অর্থ নেওয়া হয়ে থাকতে পারে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি অনুমোদন, পাঠদানের অনুমতি প্রদান ও নবায়ন, স্বীকৃতি এবং এমপিও-সংক্রান্ত কার্যক্রমেও অনিয়মের অভিযোগ বিভিন্ন সময়ে সামনে এসেছে।
শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংশোধন নির্ধারিত বিধিবিধান অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাইয়ের আওতায় রয়েছে। এসব ক্ষেত্রে সরকারি ফি যথাযথভাবে আদায় ও জমা দেওয়া হয়েছে কি না, কোনো অর্থ বিধিবহির্ভূতভাবে লেনদেন হয়েছে কি না এবং সংশ্লিষ্ট নথিপত্রে প্রকৃত তথ্য সংরক্ষিত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন দুদকের কর্মকর্তারা।
দিনাজপুর দুদক উপ-পরিচালক আরো বলেন, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগ, সম্পদের উৎস অনুসন্ধানের দাবি
দিনাজপুর শিক্ষা বোর্ডের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সম্প্রতি একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে বোর্ডের স্কুল শাখার পরিদর্শক অধ্যাপক আমিনুল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী, বিদ্যালয় রেজিস্ট্রেশন শাখার সেকশন অফিসার মেজবাহুল ইসলাম বকুল এবং চতুর্থ শ্রেণির কর্মচারী শহিদুল ইসলাম শহীদের নাম উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রমে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। পাশাপাশি তাঁদের কারও কারও সম্পদ ও আর্থিক অবস্থার পরিবর্তন নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহলের অনেকে।
প্রাথমিক পর্যায়ে সংগ্রহ করা নথিপত্র ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তা নির্ধারণ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। এরপর কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
এ অভিযানে দুদকের সহকারী পরিচালক ইমরান হুসাইন, উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদসহ আরও কয়েকজন কর্মকর্তা অংশ নেন।
সুলতান মাহমুদ/এসএন
আরও পড়ুন
খেজুরে তেল মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: খবরের কাগজ
-->খেজুরে তেল মিশিয়ে প্যাকেটজাত ও বাজারজাত করার দায়ে চট্টগ্রামে এক পাইকারি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নগরের স্টেশন রোড এলাকার ফলের পাইকারি বাজার ফলমন্ডিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ।
তিনি বলেন, ‘মোড়কজাতকরণ বিধি অনুসরণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুরে তেল মিশিয়ে প্যাকেটজাত ও বাজারজাত করায় তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করা এবং কেনা-বেচার ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মেসার্স অ্যান্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা এবং মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’
অন্যদিকে, নগরের দেওয়ানহাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপপরিচালক ফয়েজ উল্যাহ। সেখানে খাদ্যদ্রব্য রান্নায় রং মিশ্রিত কাশ্মীরি মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করার দায়ে তায়েফ রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সালমান/
