Published on
:
2 min read
দেবলীনা ঘোষ
স্পাইডারম্যান-খ্যাত অভিনেতা টোবি ম্যাগুয়্যারের প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ার আবার বিয়ে করলেন। ৪৯ বছর বয়সি জেনিফার পেশায় একজন জুয়েলারি ডিজ়াইনার। শনিবার, ১০ অক্টোবর, ৩৪ বছর বয়সি মিউজিক এগজ়িকিউটিভ জিওফ ওগুনলেসির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। তবে এই বিয়েতে সবচেয়ে বেশি চমকে দিয়েছেন টোবি নিজেই। কারণ, প্রাক্তন স্ত্রীর বিয়েতে সঞ্চালকের ভূমিকা পালন করেছেন তিনি!
হাওয়াইয়ের ফোর সিজ়নস রিসর্ট লানাইয়ে বসেছিল বিয়ের আসর। সেখানে উপস্থিত ছিলেন হলিউডের একাধিক নামী তারকা। অতিথিদের তালিকায় ছিলেন র্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং তাঁর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। উপস্থিত ছিলেন অ্যামাজ়নের প্রতিষ্ঠাতা জেফ বেজ়োস এবং তাঁর স্ত্রী লরেন স্যাঞ্চেজ বেজ়োসও। এ ছাড়া ছিলেন কেট হাডসন, ড্যানি ফুজিকাওয়া, এরিন ফস্টার, ক্রিস জেনার এবং র্যাপার ইয়ং থাগ। বিয়ের একাধিক ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এই বিয়ে হলো। গত ২১ সেপ্টেম্বর তাঁদের বিচ্ছেদ আইনি ভাবে সম্পূর্ণ হয়। প্রায় এক দশক আগে আলাদা হয়ে গিয়েছিলেন তাঁরা। ২০১৬-এর অক্টোবরে তাঁদের বিচ্ছেদ হয়। তখন তাঁদের দাম্পত্য জীবনের বয়স ছিল ন’বছর। এর ছ’বছর পরে তাঁরা বিবাহবিচ্ছেদের আবেদন করেন। সম্পত্তি ভাগ, সন্তানদের দায়িত্ব এবং খোরপোশ নিয়ে আলোচনা চলায় বিচ্ছেদের প্রক্রিয়া দীর্ঘ হয়েছিল। তবে পথ আলাদা হয়ে গেলেও টোবি ও জেনিফারের সম্পর্ক তিক্ত হয়নি। তাঁরা এখনও সন্তানদের একসঙ্গে বড় করে তুলছেন।
এই তারকা দম্পতির দুই সন্তান রয়েছে। মেয়ে রুবি সুইটহার্টের বয়স ১৯ বছর। ছেলে ওটিস টোবিয়াসের বয়স ১৭ বছর। মায়ের বিয়েতে তারাও উপস্থিত ছিল। টোবি ম্যাগুয়্যার ২০০২-এ মুক্তি পাওয়া ‘স্পাইডারম্যান’ ছবিতে পিটার পার্কারের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। পরে ‘স্পাইডারম্যান ২’ (২০০৪) এবং ‘স্পাইডারম্যান ৩’ (২০০৭)-এও তাঁকে দেখা যায়। ২০২১-এ ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ ছবিতে ফের এই চরিত্রে অভিনয় করেন তিনি। সেখানে অ্যান্ড্রু গারফিল্ড এবং টম হল্যান্ডের সঙ্গেও পর্দা ভাগ করে নেন তিনি।
