শারদীয় দুর্গোৎসবের আয়োজনে অংশ নিতে চট্টগ্রামে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় সাংগঠনিক সভায় অংশ নেওয়াকে কেন্দ্র করে তার এই সফরকে ঘিরে নগরে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে সামরিক উড়োজাহাজে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, স্থানীয় সংসদ সদস্য এবং চট্টগ্রাম জেলা ও মহানগর বিএনপির নেতারা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী নগরের রহমতগঞ্জে জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যান। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তার। পূজামণ্ডপের আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সব কর্মসূচি শেষ করে রাতেই ঢাকায় ফেরার কথা তার।
এর আগে, মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক উড়োজাহাজে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। সকাল ৯টা ৫০ মিনিটে সেখানে পৌঁছে সড়কপথে রংপুরে যান তিনি। যাত্রাপথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেওয়ার পর রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
পরে বিকেল ২টা ৫৫ মিনিটে সামরিক উড়োজাহাজে রাজশাহীতে পৌঁছান তিনি। সেখানে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নিয়ে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর রাজশাহীর ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
