লক্ষ্মীপুরে বালুবাহী ডাম্প ট্রাকচাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাছের গুঁড়ি পেলে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় তারা।
সোমবার (১২ অক্টোবর) সকালে সড়কের সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজিরবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে ও পেশায় ভ্যানচালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় কালাম বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। এ সময় ঘটনাস্থল সড়কে ভ্যান নিয়ে উঠতেই মজুচৌধুরীর হাট থেকে আসা একটি দ্রুত গতির বালুবাহী ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ধাওয়ায় চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। এতে সড়কে যান চলাচল ব্যহত হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। স্থানীয়দের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
