পটুয়াখালীর দুমকিতে মা-ইলিশ সংরক্ষণ অভিযানে মৎস্য বিভাগের স্পিডবোট ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে সংঘবদ্ধ জেলেদের বিরুদ্ধে। পরে পুলিশ, নৌপুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে দুটি ট্রলারসহ ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আঙ্গারিয়ার বিপরীতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা, দুধলমৌ ও নারায়ণকূল সংলগ্ন পায়রা, পা-ব ও পাতাবুনিয়া নদী এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নদীতে মাছ ধরতে দেখে অভিযান পরিচালনাকারীরা নৌকাগুলো ধরতে এগিয়ে গেলে গামছা উড়িয়ে অন্যদের সংকেত দেয় জেলেরা। মুহূর্তের মধ্যে আরও ১৫-২০টি নৌকা নিয়ে সংঘবদ্ধ জেলেরা অভিযানের স্পিডবোট ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী ও সহকারী পরিচালক মোস্তফা আল রাজিব পৃথক বোটে অবস্থান করছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে তারা নিরাপদ স্থানে সরে যান। পরে দুমকি ও বাকেরগঞ্জ থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে চারটি স্পিডবোট ও তিনটি নৌযান নিয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় দুটি মাছ ধরার নৌযান জব্দ করতে সক্ষম হন। অভিযানে জব্দ করা ২০ হাজার মিটার অবৈধ জাল পরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে দুটি নৌযান ও অবৈধ জাল জব্দ করা হয়েছে।