কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় আটক তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করেছে কক্সবাজার সদর থানা।
গতকাল রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের কলাতলীর লালোয়া রিসোর্টের সামনে থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আজ সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে তাকে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
রাজু বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বড়ঘোনা এলাকার মনির আহমেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানের ভিত্তিতে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। এছাড়া মাত্র ১৮ দিনের সম্পর্কের সূত্র ধরে কক্সবাজার নিয়ে আসে রাজু। স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন মেঘলা রিসোর্টে। সেখানে একরাত থাকার পর পরের দিন তাজমিনকে বাসে তুলে দেন রাজু।৷
এর আগে তাজমিনের মরদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
