মৌলভীবাজার২৪ ডেস্ক :
পাহাড়, চা-বাগান আর সবুজের ঘেরা মৌলভীবাজারে পর্যটক ও বিনোদনপ্রেমীদের পছন্দের তালিকায় নতুন মাত্রা যোগ করেছে ‘বার্ড পার্ক এন্ড ইকো ভিলেজ’। নান্দনিক সাজসজ্জা, রকমারি পাখির কলকাকলি এবং গ্রামীণ মেঠো আবহ পরিবেশের সমন্বয়ে গড়ে ওঠা এই ইকো রিসোর্টটি এখন স্থানীয় ও বহিরাগত দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।

প্রাকৃতিক পরিবেশকে অক্ষুণ্ণ রেখে তৈরি এই পার্কটিতে স্থান পেয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির দুর্লভ ও রঙিন পাখি। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য রয়েছে নানা রকমের রাইড, দৃষ্টিনন্দন কটেজ, ওয়াচ টাওয়ার এবং ছবি তোলার জন্য আকর্ষণীয় সব স্পট। ইট-কাঠের যান্ত্রিক জীবন থেকে খানিকটা স্বস্তি পেতে প্রতিদিন পরিবার-পরিজন ও প্রিয়জনদের নিয়ে এখানে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ।

দর্শনার্থীরা জানান, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য এবং শিশুদের গাছপালা ও পাখির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এটি একটি চমৎকার স্থান। মনোরম ও নিরাপদ পরিবেশ হওয়ার কারণে ছুটির দিনগুলোতে এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়।


পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় সচেষ্ট। আগামীতে বিনোদনের পরিধি আরও বাড়াতে নতুন নতুন রাইড ও নান্দনিক পরিকল্পনা যুক্ত করার কাজ চলছে।

