শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ আমাদের ৫৫ হাজার বর্গমাইলের এই প্রিয় বাংলাদেশ। এখানে অনেক আগে থেকেই আমরা সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছি। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজায় এ সম্প্রদায়ের সব মানুষ পূর্ণ নিরাপত্তার সঙ্গে তাদের উৎসব পালন করবেন বলে আশা প্রকাশ করছি।
বিজ্ঞাপন
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের সুন্দর অতীত ঐতিহ্যের আলোকে হিন্দু সম্প্রদায়ের মানুষ এবারও যেন পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সাথে তাদের পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে নিজস্ব অবস্থান থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমাদের এ দেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। তারা নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং সহযোগিতার হাত প্রসারিত করবেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই উদাত্ত আহ্বান।
