বয়স ৫৩, তবুও ফিটনেস আর আকর্ষণীয় উপস্থিতিতে নজর কাড়ছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। নিয়মিত শরীরচর্চা, যোগব্যায়াম, সুষম খাবার ও পর্যাপ্ত ঘুম; নিজেকে সুস্থ রাখতে এসব অভ্যাসে গুরুত্ব দেন তিনি।
ভারতীয় এক সংবাদমাধ্যের প্রতিবেদন অনুযায়ী, মালাইকা বিভিন্ন সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শরীরচর্চা এবং খাদ্যাভ্যাসের নানা দিক তুলে ধরেছেন। কঠোর ডায়েটের পরিবর্তে নিয়মিত ব্যায়াম ও পরিমিত খাবারের ওপরই বেশি গুরুত্ব দেন এই অভিনেত্রী।
যোগব্যায়ামে বিশেষ গুরুত্ব:
মালাইকার দৈনন্দিন ফিটনেস রুটিনের অন্যতম অংশ যোগব্যায়াম। তার অনুশীলনে রয়েছে সূর্য নমস্কার, অষ্টাঙ্গ যোগ ও ধ্যান। নিয়মিত যোগচর্চা শরীরের নমনীয়তা ও ভারসাম্য বাড়ানোর পাশাপাশি মানসিক চাপ কমাতেও সহায়তা করতে পারে।
পেশি শক্ত রাখতে ব্যায়াম:
শুধু যোগব্যায়াম নয়, পেশি শক্তিশালী রাখতেও নিয়মিত শরীরচর্চা করেন মালাইকা। তার ব্যায়ামের তালিকায় রয়েছে ডাম্বেল দিয়ে অনুশীলন, লাঞ্জেস, মাউন্টেন ক্লাইম্বারস ও পিলাটিস। নিয়মিত শক্তিবর্ধক ব্যায়াম পেশির শক্তি ধরে রাখতে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক।
ঘরে তৈরি খাবারে ভরসা:
খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ঘরে তৈরি সাধারণ খাবার পছন্দ করেন মালাইকা। তার খাবারের তালিকায় থাকে ভারতীয় ঐতিহ্যবাহী খাবারসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। পাশাপাশি খাবারের পরিমাণ নিয়ন্ত্রণেও গুরুত্ব দেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে দামি খাবারের প্রয়োজন নেই। ভাত, রুটি, ডাল, শাকসবজি, ফল, দই ও প্রোটিনসমৃদ্ধ খাবার দিয়ে সহজেই সুষম খাদ্যতালিকা তৈরি করা যায়।
নির্দিষ্ট সময়ে খাওয়া ও পর্যাপ্ত ঘুম:
প্রতিবেদন অনুযায়ী, মালাইকা নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার গ্রহণের অভ্যাস অনুসরণ করেন। এ ছাড়া পর্যাপ্ত পানি পান ও ঘুমের বিষয়েও সচেতন তিনি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে খাওয়ার পদ্ধতি সবার জন্য উপযোগী নয়; ব্যক্তির স্বাস্থ্য ও শারীরিক চাহিদা অনুযায়ী খাদ্যাভ্যাস ঠিক করা জরুরি।
ধারাবাহিকতাই ফিটনেসের মূলমন্ত্র:
মালাইকার জীবনযাপন থেকে একটি বিষয় স্পষ্ট, ফিট থাকতে নিয়মিত অভ্যাসের বিকল্প নেই। শরীরচর্চা, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম ও নিজের যত্ন নেওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে সাহায্য করতে পারে।
তবে অন্যের রুটিন অনুসরণ করার আগে নিজের শারীরিক সক্ষমতা ও প্রয়োজন বিবেচনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
