জালালাবাদ ডেস্ক: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে একটি বছর পিছিয়ে পড়া রোধ করতে মাত্র ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সকালে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে ৪৯তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দ্বিতীয় দফার এই বিশেষ পরীক্ষাতেও কোনো শিক্ষার্থী অনুত্তীর্ণ হলে তাদের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা হবে। দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রধানমন্ত্রীও কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ জোর দিচ্ছেন।
শিক্ষার্থীদের সামাজিক ও চারিত্রিক স্খলন প্রতিহত করার লক্ষ্যে নতুন করে চতুর্থ শ্রেণি থেকেই নৈতিক শিক্ষার কার্যক্রম শুরু করা হবে বলে উল্লেখ করেন তিনি। এর আগে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া নবীন শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে তাদের অর্জিত জ্ঞান ও শিক্ষায় পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
