কালবেলা · সাধারণ
মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান, রাউজানে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
২৩/১০/২০২৬

চট্টগ্রামের রাউজানে মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার পূরণ না হওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে মুতাহা আকতার (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুতাহা ওই গ্রামের মো. আজগর আলী ও বুলবুলি আকতার দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীদের বরাতে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বাবা-মায়ের কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরছিল মুতাহা। তবে দিনমজুরি করে সংসার চালানো বাবার পক্ষে মেয়ের আবদার পূরণ করা সম্ভব হচ্ছিল না। এ নিয়ে অভিমান থেকেই সে আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের দাবি।
শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের আবদুল লতিফ ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছে। প্রাথমিক তদন্তে মোবাইল ফোন কিনে না দেওয়ার কারণে কিশোরীটি আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
মূল প্রতিবেদনে যান ↗