কেন্দুয়ায় বিদ্যুৎস্পর্শে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বাঁচাতে গিয়ে তাদের মা আহত হন। নিহত শিশুরা হলো- ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মুয়াজ (৬) ও আরাফাত (৪)। এসআই বাবুল মিয়া জানান, বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানবশত আর্থিং তার স্পর্শ করে এক ভাই। তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও তারের সংস্পর্শে আসে। ঘটনার সময় শিশু দুটির বাবা-মা পাশের গোয়ালঘরে গাভীর দুধ সংগ্রহ করছিলেন। সন্তানদের চিৎকার শুনে মা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করার চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। আহত মাকে সেখানে চিকিৎসা দেওয়া হয়। ওসি তরিকুল ইসলাম জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।