স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি) এবং দুই রাউন্ড শর্টগানের কার্তুজসহ ইমরান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে ভোলা সদর মডেল থানার চরসামাইয়া ইউনিয়নের চরছিফলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ইমরান ভোলা সদর থানার চর সামাইয়া ইউনিয়নের চরছিফলী ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ বিল্লাল ও বকুল বেগমের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। রাত ১০:৩০ মিনিটে ডিবির এসআই করুন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল চরছিফলী ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ পলাশের বসতঘরে হানা দেয়। পরবর্তীতে ঘরটির সামনের কক্ষের প্লাস্টিকের র্যাক তল্লাশি করে ভেতরে লুকিয়ে রাখা ০১টি লোকাল গান ও ০২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই আসামিকে গ্রেফতার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ জানায়, বেআইনি অস্ত্র রাখার অপরাধে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
