আজকাল ওয়েবডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইকে ঘিরে তৈরি হওয়া স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত জল্পনা ও আশঙ্কায় জল ঢাললেন শীর্ষ ইরানি কূটনীতিক তথা সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম এলাহী। এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, মোজতবা খামেনেই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং নিয়মিত প্রশাসনিক কাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি গত সপ্তাহেই দেশটির প্রেসিডেন্টের সঙ্গে প্রায় সাত থেকে আট ঘণ্টা ধরে এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি। পাশাপাশি ইরানের পার্লামেন্টের স্পিকারও তাঁর সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক করেছেন বলে নিশ্চিত করেছেন কূটনীতিক।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে সংঘাতের প্রথম দিনেই বিমান হামলায় প্রাণ হারান ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই। বাবার আকস্মিক মৃত্যুর পরপরই শীর্ষ পদে আসীন হন মোজতবা খামেনেই। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। এমনকি জুলাই মাসে সম্পন্ন হওয়া বাবার শেষকৃত্য অনুষ্ঠানেও তাঁর অনুপস্থিতি নানা জল্পনার জন্ম দেয়। প্রকাশ্যে না এসে তিনি কেবলমাত্র লিখিত বিবৃতির মাধ্যমেই বার্তা দিচ্ছিলেন, যার ফলে কূটনৈতিক মহলে তাঁর অসুস্থতা কিংবা গুপ্তহত্যার আশঙ্কার মতো নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
সেই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে আব্দুল মজিদ হাকিম এলাহী জানান, সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তার কোনও কারণ নেই, তিনি যথেষ্ট সুস্থ এবং সক্রিয়ভাবে দেশ পরিচালনা করছেন। তাঁর ঘনিষ্ঠ বহু সরকারি কর্মকর্তা ও বন্ধুর বরাত দিয়ে এই কূটনীতিক জোর দিয়ে জানান যে, মোজতবা খামেনেই অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে চলেছেন এবং সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়মিত দীর্ঘ বৈঠকও করছেন।
