লোহিত সাগরের জুকার দ্বীপের কাছে একটি ইয়টকে নিশানা করেছে সৌদি আরব। ওই জলযানটিতে ছিলেন ১৪ জন ভারতীয় নাগরিক। পরে ইয়েমেন সেনা তাঁদের উদ্ধার করে। বৃহস্পতিবার এই দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা। একই দিনে সৌদি-হাউথি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছিল দাম্মামের বিমানবন্দরে। ওই ঘটনায় অভিযুক্ত হাউথি বিদ্রোহীরা। এবার পালটা সৌদির বিরুদ্ধে ভারতীয়দের লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলল তারা।
এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে হুথি-সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া শাড়ি জানিয়েছেন, “সৌদি বাহিনী জুকার দ্বীপের কাছে একটি ভারতীয় ইয়টকে লক্ষ্যবস্তু করছে। যেটিতে ১৪ জন ভারতীয় নাগরিক ছিলেন।” আরও বলা হয়েছে, “সৌদি শত্রুপক্ষের এই বেপরোয়া কর্মকাণ্ডে লোহিত সাগরে আন্তর্জাতিক নৌচলাচল হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক সংগঠনগুলির উচিত সৌদিকে এই ধরনের বেপরোয়া কর্মকাণ্ড থেকে বিরত রাখা।” সৌদির এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন বলেও অভিহিত করেছে বিদ্রোহী হাউথি গোষ্ঠী।
উল্লেখ্য, সৌদি আরবের দাম্মামের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় মৃত্যু হয়েছে ভারতীয়-সহ দু’জনের। বুধবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও কয়েক জন, তাঁদের মধ্যে দু’জন ভারতীয় নাগরিক। হামলায় বিমানবন্দরের পরিকাঠামোরও ক্ষতি হয়েছে। একই সময়ে সৌদির একটি তৈলক্ষেত্রেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে খবর। পরপর এই হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দর, তৈলক্ষেত্র এবং পরিবহণ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
