পিরোজপুরের নেছারাবাদে যুবদল কর্মী মো. মারুফ তালুকদারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার বলেছেন, তাঁর ভাইয়ের সঙ্গে মারুফের ‘একটু হাতাহাতি’ হয়েছে।
গতকাল শনিবার উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের রাহুতকাঠি গ্রামে নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন মারুফ তালুকদার। এ সময় তিনি নাছির উদ্দীন তালুকদার ও তাঁর স্বজনদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন।
সংবাদ সম্মেলন চলাকালে ক্যামেরার সামনে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে মারুফের আট বছর বয়সী মেয়ে। কান্নাজড়িত কণ্ঠে শিশুটি দাবি করে, নাছির আঙ্কেল তার বাবাকে অনেক মারধর করেছেন। বাবাকে মারধরের বিচারও চায় সে।
মারুফ তালুকদার অভিযোগ করেন, নাছির তালুকদারের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগে নাছির তাঁর বাবাকে মারধর করে আওয়ামী লীগের সহায়তায় মামলা দিয়ে বাড়িছাড়া করেছিলেন বলেও দাবি করেন তিনি।
মারুফের ভাষ্য, সম্প্রতি গ্রামের এক ব্যক্তিকে টিউবওয়েল দেওয়ার কথা বলে নাছির তালুকদার ১৫ হাজার টাকা নিয়েছেন। টিউবওয়েল না পেয়ে ওই ব্যক্তি বিষয়টি বিভিন্ন জায়গায় বলাবলি করছিলেন। এ নিয়ে নাছির তালুকদার তাঁকে দোষারোপ করে আসছিলেন।
মারুফ আরও অভিযোগ করেন, এর ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর রাতে বাড়ির সামনে তাঁকে পথরোধ করে নাছিরের ভাই ও স্বজনেরা মারধর করেন। তাঁর ডাকচিৎকারে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এ ঘটনায় তিনি নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
মারুফ তালুকদার স্বরূপকাঠি সদর ইউনিয়নের রাহুতকাঠি গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহেব আলীর ছেলে। সংবাদ সম্মেলনে সাহেব আলীও নাছির তালুকদারের বিরুদ্ধে অতীতে মারধর ও মামলা দিয়ে বাড়িছাড়া করার অভিযোগ তুলে বিচার দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে নাছির উদ্দীন তালুকদার বলেন, ‘মারুফ আমার বাড়ির পাশের লোক। সে আমাকে নিয়ে বাজারঘাটে বাজে কথা বলে বেড়ায়। বিষয়টি জানতে পেরে আমার ভাই বাড়ির সামনে বসে তাকে জিজ্ঞেস করলে সে উত্তেজিত হয়ে পড়ে। এ কারণে তাদের মধ্যে একটু হাতাহাতি হয়েছে।’
নাছির তালুকদার আরও দাবি করেন, তিনি বিষয়টি মীমাংসা করতে চাইলেও দলের একটি পক্ষ উসকানি দিয়ে ঘটনাটিকে বড় আকার দেওয়ার চেষ্টা করছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মারুফ তালুকদার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
