স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে বর্তমানে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এ বিষয়ে আইনের সঠিক ব্যাখ্যাই দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো বাধা নেই। আইনি প্রক্রিয়ার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা আগের মতোই থাকবেন। এ ক্ষেত্রে বিদ্যমান আইনের কোনো পরিবর্তন হয়নি। ফলে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন।
অন্য এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, সরকারের বিষয়ে আপনারা আশা ও আস্থা রাখতে পারেন। সামনে ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
