দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব দেশে নিরাপত্তা দিতে পারছেন না, আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিদেশে নিরাপত্তা দিতে পারছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে জেলা এনসিপি আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের সরকার জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। অথচ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে নিরাপত্তা দিতে পারছে না সরকার। গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ কোথায় যাবে? ইতিমধ্যে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খলিলুর রহমান। পরে তিনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর ব্যক্তিগত অর্জন অনেক হলেও বিদেশে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খলিলুর রহমান অনেক চুক্তি করেছেন। ড. ইউনূসের মাধ্যমে তিনি অন্তর্বর্তী সরকারের অংশ হয়েছিলেন। অথচ সেই যুক্তরাষ্ট্রেই ড. ইউনূসকে হেনস্তার শিকার হতে হয়েছে। নাহিদ ইসলামের মতে, এটি খলিলুর রহমানের ব্যর্থতা। এ দায় তাঁকে নিতে হবে এবং নেওয়া উচিত।
মাদারীপুর জেলা এনসিপির আহ্বায়ক মনিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা এনসিপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
