জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নরসিংদীর মাধবদীতে র্যালি, সমাবেশ ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী নিরাপদ সড়ক চাই নরসিংদী সদর উপজেলা ও মাধবদী থানা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি মাধবদী এসপি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাধবদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে বাসস্ট্যান্ডে ট্রাফিক বক্সের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে সড়কে চলাচলকারী যাত্রী, চালক ও সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
নিসচা নরসিংদী সদর উপজেলা ও মাধবদী থানা শাখার নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত সমাবেশে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ও মাধবদী বাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রায়হান।
নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল-আমিন রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাওন খন্দকার শাহিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সহসভাপতি আরাফাত রহমান, মাধবদী থানা শাখার সভাপতি মোস্তাকিম হোসেন, সহসভাপতি কাজী মেহবুব ইয়াসিন সৃজন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও সহসাধারণ সম্পাদক মাফুজুর রহমান কালাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। ঢাকা-সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন গুলো একটু অসচেতনতায় কেড়ে নিতে পারে যাত্রীদের মূল্যবান প্রাণ, একটি পরিবারকে ঠেলে দিতে পারে অনিশ্চয়তার মধ্যে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে যানবাহন চালক সহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
