প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে সফরসঙ্গী হচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। চার দিনের এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) নিজের সফরে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে জানান, ‘একজন আলেম হিসেবে দেশের সরকারপ্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফরে যাওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত।’
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। একজন আলেম হিসেবে দেশের সরকারপ্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফরে যাওয়ার অনুভূতি সত্যিই ভিন্ন ও অত্যন্ত আনন্দের। এই সফরে সুযোগ পেয়ে আমি আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
আজিজুল হক ইসলামাবাদী আরও জানান, সফরের সুযোগ কাজে লাগিয়ে ওলামায়ে কেরামের বিভিন্ন দাবিদাওয়া এবং ইসলামের সার্বিক কল্যাণে করণীয় বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গঠনমূলক আলোচনা করতে চান তিনি। জাতীয় ও ধর্মীয় বিষয়গুলো সরকারের কাছে যথাযথভাবে তুলে ধরতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই আলেম নেতা।
প্রধানমন্ত্রীর সফরসূচিতে যা রয়েছে
প্রাপ্ত সফরসূচি অনুযায়ী, ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, অর্থনৈতিক ফোরামে বক্তব্য এবং জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে।
২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে। এ ছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার পাশাপাশি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা—জাইকা (JICA), জাপান বৈদেশিক বাণিজ্য সংস্থা—জেট্রো (JETRO) এবং জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (JBIC) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে বলে জানানো হয়েছে।
সফরে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি আলোচনায় আসতে পারে।
এদিকে, রাষ্ট্রীয় সফরে একজন আলেম নেতাকে সফরসঙ্গী করায় বিভিন্ন মহলে প্রশংসা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এহতেশামুল হক সাখী এক পোস্টে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘রাষ্ট্রীয় সফরে একজন ত্যাগী আলেমকে সফরসঙ্গী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সফরটি দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনুক।’
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর অন্তর্ভুক্তিকে ইতিবাচকভাবে দেখছেন তার সমর্থকেরা। তাদের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে দেশের স্বার্থের পাশাপাশি ওলামায়ে কেরামের বিভিন্ন দাবি ও ধর্মীয় বিষয় নিয়ে সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনার সুযোগ তৈরি হবে।
