দৈনিক নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উপলক্ষে পত্রিকাটির সকল সাংবাদিক ও কর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন শহীদ মীর কাসেম আলীর মেয়ে সুমাইয়া রাবেয়া।
রোববার (২৫ অক্টোবর) নয়া দিগন্ত কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি এই শুভেচ্ছা জানান। এ সময় সুমাইয়া রাবেয়া বলেন, নয়া দিগন্ত ও আমরা ভাইবোনের মতো। আমরা একসাথেই বেড়ে উঠেছি।
তিনি বলেন, নয়া দিগন্তকে আব্বু সদকায়ে জারিয়া করে গেছেন। এটি একটি ট্রাস্ট, ইসলামী আন্দোলন ও ভালো কাজের জন্য তিনি এটি করেছেন। এখনো প্রয়োজনে আমরা নয়া দিগন্তের সাথে থাকব ইনশাআল্লাহ।
নয়া দিগন্তের সাংবাদিকদের উদ্দেশ করে সুমাইয়া রাবেয়া বলেন, নয়া দিগন্তের সকলের জন্য দোয়া এবং আপনাদের কাছে প্রত্যাশা—আপনারা কারো কাছে মাথা নোয়াবেন না, সত্যকে সত্য হিসেবে তুলে ধরবেন। আশা করি—আমরা যারা ম্যানেজমেন্টে আছি, আমরা সেভাবে আপনাদের জায়গাগুলো করে দিতে পারব।
পাঠকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মীর কাসেম আলীর সন্তান হিসেবে আপনাদের কাছে আমার আশা—আপনারা যদি আমাদের সাথে থাকেন, তাহলে নয়া দিগন্তকে আমরা একটি উচ্চমানের পত্রিকা হিসেবে গড়ে তুলতে পারব।
সবশেষে তাকে প্রশ্ন করা হয়—‘দিগন্ত টিভি আবারো চালু হবে কিনা?’—এর উত্তরে তিনি বলেন, দিগন্ত মিডিয়া করপোরেশনকে আব্বু উত্তরাধিকার হিসেবে রেখে যাননি। আমাদের ফ্যামিলির কেউ সরাসরি এর সাথে যুক্ত নেই। তাই ফ্যামিলি হিসেবে আমরা এটি বলতে পারি না। তবে, এখন যাদের হাতে এটি আছে, তাদের কাছে আমাদের আশা ও দোয়া থাকছে যে, এটা আবার আসুক।
সুমাইয়া রাবেয়া বলেন, সেটা দিগন্ত নামে আসুক কিংবা অন্য যে কোনো নামে—যেভাবেই হোক আসুক। আমি আশা করছি যে, সামনে কাজ হতে পারে। আমরাও চেষ্টা করছি। আমি আশাবাদী, অনেককিছু হচ্ছে, সামনে ভালো কিছু আসবে ইনশাআল্লাহ।
