The Sangbad · দেশ
কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার
২৩/১০/২০২৬

নওগাঁর মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিপজ্জনক দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।এর আগে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দার চকউলী গ্রামের মৃত আশরাফুল ইসলামের দুই ছেলে ইসলাম বাবু (২১) ও শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে আরিফ হোসেন (২৩)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে আসামিদের কাছ থেকে দুটি স্বয়ংক্রিয় লম্বা বার্মিজ চাকু উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে একটি বসতবাড়ির মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১টি ‘টমাহক’ (চাইনিজ ডাবল-হেড ট্যাকটিক্যাল কুড়াল) নামের মারাত্মক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের হেফাজত থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।’
মূল প্রতিবেদনে যান ↗