আগামী ২৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত ‘উড়তা তীর’। কিন্তু, মুক্তির ৭২ ঘণ্টা আগেই আইনি গেরোয় নতুন ছবি। করণ জোহরের ব্যানারে নির্মিত এই ছবির ট্রেলার দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। কিন্তু, মুক্তির মাত্র তিন দিন আগে ছবি প্রদর্শনে বাধা। সিনেমা নিয়ে জটিলতা তৈরি হয়েছে নেপালে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রক ছবিটিকে প্রকাশ্যে প্রদর্শনের অনুমতি দিল না। ফলে আপাতত নেপালের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না ‘উড়তা তীর’।
জানা যাচ্ছে, নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটি পর্যালোচনা করার পর দেশের চলচ্চিত্র আইন লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রকের অডিও-ভিজ্যুয়াল ও ব্রডকাস্টিং বিভাগ ছবি প্রদর্শনের অনুমতি দেয়নি। নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের দাবি, জাতীয় চলচ্চিত্র আইন ২০২৬-এর ৮(৩) ধারা লঙ্ঘন করেছে। অতঃপর ছবি প্রদর্শনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রক।
কাঠমান্ডুর অলোকনগরে অবস্থিত ন্যাশনাল সিনেমা গ্রুপ নেপাল প্রাইভেট লিমিটেডকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে কোনও দৃশ্য বা বিষয়বস্তুর কারণে এহেন সিদ্ধান্ত? এবিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি নেপাল কর্তৃপক্ষ। তাই ঠিক কী কারণে ছবিটি আইনের সংশ্লিষ্ট ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ তা নিয়ে ধোঁয়াশা তৈরি গিয়েছে।
স্পাই-কমেডি ঘরানার ছবি ‘উড়তা তীর’। বিলাল আহমেদ নামে এক পাকিস্তানি গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। একটি দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে যায়। এরপর ভুলবশত নিজেকে ভারতীয় গুপ্তচর বলে মনে করতে শুরু করে বিলাল। এই অদ্ভুত পরিস্থিতিকে কেন্দ্র করেই এগোবে ছবির গল্প।
View this post on Instagram
সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাহুল বোস, রাম কাপুর, মুকুল দেব, সুপ্রিয়া পিলগাঁওকর-সহ আরও অনেকে। নেপালের এই সিদ্ধান্ত ছবিটির আন্তর্জাতিক মুক্তিতে কতটা প্রভাব ফেলবে, তা এখনই বলা সম্ভব নয়। পাশাপাশি, ছবির কোন বিষয়টি নিয়ে আপত্তি উঠেছে, সে সম্পর্কেও কর্তৃপক্ষের তরফে বিস্তারিত তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন নেপালি দর্শক।
