গাজীপুরের বাসনে পূজামণ্ডপ পরিদর্শনে জিএমপি কমিশনার, শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্যাপনের আহ্বান
গাজীপুর সংবাদদাতা:
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার। পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিয়মিত নজরদারি এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় এলাকার মাস্টারবাড়ি সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার (অতিরিক্ত আইজিপি)। এ সময় বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদসহ থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ কমিশনার সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের আহ্বান জানান।
জিএমপি কমিশনার বলেন, "শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে গাজীপুর মহানগর পুলিশ সম্পূর্ণ প্রস্তুত ও তৎপর রয়েছে। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, নিবিড় নজরদারি এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।"
সব ধর্মাবলম্বীর জন্য নিরাপদ ও আনন্দময় পরিবেশ বজায় রাখতে জিএমপি বদ্ধপরিকর বলেও জানান তিনি। দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধর্মাবলম্বীর জন্য নিরাপদ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, "জিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী বাসন থানা এলাকার প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজামণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।"
তিনি আরও বলেন, "বাসন থানা এলাকার প্রতিটি পূজা উদ্যাপন কমিটির সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। কোনো সমস্যা বা নিরাপত্তাসংক্রান্ত বিষয় দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভক্ত ও দর্শনার্থীরা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন।"
