আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের একটি হিন্দু মন্দিরে হামলা চালিয়ে গণহত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ১৯ বছরের এক তরুণ।
পুলিশের দাবি, অভিযুক্ত আলেকজান্দ্রোস পাপোরাকিস একটি নথিতে ভারতীয়দের উপর গণহত্যা চালানোর পরিকল্পনার কথা লিখেছিল। শুধু তাই নয়, নিজের সহকর্মীদের কাছে সে ‘White Supremacist’ হিসেবে পরিচয় দিয়েছিল।
এমনকী, ভারতীয়দের খুন করার জন্য মুখিয়ে থাকার কথাও জানিয়েছিল বলে অভিযোগ উঠেছে ওই তরুণের বিরুদ্ধে। শেষ পর্যন্ত এক সহকর্মীর তৎপরতায় পুলিশের হাতে ধরা পড়ে ওই তরুণ।
ফলে, বড়সড় হামলা সময়মতো ঠেকানো সম্ভব হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি, গত রবিবারকেই ‘বিশেষ দিন’ বলে উল্লেখ করেছিল পাপোরাকিস।
শিকাগোর ‘টাকো বেল’ নামক একটি রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করত সে। সেখানেই সহকর্মীদের সঙ্গে নিজের পরিকল্পনা নিয়ে আলোচনা করে বলে অভিযোগ। পাশাপাশি, একটি নথি এবং নিজের অস্ত্রশস্ত্রের ছবিও সহকর্মীদের দেখিয়েছিল সে।
কুক কাউন্টি স্টেটস অ্যাটর্নির দপ্তরের আইনজীবীদের দাবি, আট পাতার ওই নথিতে পাপোরাকিস নিজেকে ‘White Supremacist’ হিসেবে উল্লেখ করেছিল। বিষয়টি বুঝতে পেরে এক সহকর্মী পুলিশকে খবর দেন।
সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। মাউন্ট প্রসপেক্ট এবং পালাটাইন পুলিশ বিভাগের যৌথ অভিযানে রবিবার দুপুরে বাড়ি থেকে বেরনোর সময় পাপোরাকিসকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীদের সন্দেহ, ওই দিনই অরোরা শহরের একটি হিন্দু মন্দিরে গণহত্যা চালানোর পরিকল্পনা ছিল তার। পালাটাইন থেকে প্রায় ৪০ মাইল বা ৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত অরোরা শহর।
অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক রাইফেলের ম্যাগাজিন এবং কয়েকশো অতিরিক্ত রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
পাশাপাশি, ট্যাকটিক্যাল ভেস্টও উদ্ধার করা হয়েছে। ওই ভেস্টে শ্বেতাঙ্গ চরমপন্থী সম্পর্কিত প্রতীক সহ একটি প্যাচ ছিল বলে জানিয়েছে পালাটাইন পুলিশ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইলিনয়ের অরোরা শহরে হিন্দু মন্দিরে গণহত্যা চালানোর ষড়যন্ত্রের অভিযোগ ঘিরে উদ্বেগ প্রকাশ করল ভারত। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে নয়াদিল্লি।
অভিযোগ, পরিকল্পিত হামলার ছকে হিন্দুবিদ্বেষী ও বর্ণবিদ্বেষী মনোভাবের পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূতদের উপর হামলা চালানোরও পরিকল্পনাও করা হয়েছিল। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার মতো পদক্ষেপের বিষয়ে অবগত রয়েছে ভারত। তবে গোটা ষড়যন্ত্রের মধ্যে হিন্দুবিদ্বেষ ও বর্ণবিদ্বেষের যে ইঙ্গিত পাওয়া গিয়েছে, তা বিশেষভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি।
জয়সওয়াল আরও বলেন, ‘আমেরিকায় বর্ণবিদ্বেষমূলক বিদ্বেষ এবং ভারত-বিরোধী হিংসা ছড়ানোর ঘটনা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এই ধরনের পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন এবং ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ করা প্রয়োজন।’
https://youtu.be/JwFdq_tA9cE?si=ibjIQUWKW3DwBjuK
বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায়, ‘আমরা আশা করছি, মার্কিন প্রশাসন বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে, অভিযুক্তদের বিচারের আওতায় আনবে এবং এই ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে।’
