স্বর্ণ ও হীরা চোরাচালান এবং অর্থ পাচারের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আনোয়ার কবীর বাবুল রিমান্ড আবেদন বাতিলের পাশাপাশি তার জামিনের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেফতার করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণ ও হীরা চোরাচালান এবং অর্থ পাচারের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা সংগ্রহের ক্ষেত্রে সেগুলোর উৎস ও সরবরাহকারীদের বিষয়ে প্রয়োজনীয় বৈধ নথিপত্র উপস্থাপন করতে না পারার বিষয়টিও মামলায় উল্লেখ করা হয়েছে।
এর আগে, একই মামলায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। মামলাটির বিচারিক কার্যক্রম আদালতে চলমান রয়েছে।
এমএ
