সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর হাসপাতালের জনবল ও ওষুধ সংকটসহ বিভিন্ন কারিগরি সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগ। বৃহস্পতিবার সকাল ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের মিনি কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম। হাসপাতালের মাসিক কার্যক্রম ও চিকিৎসাসেবার চিত্র তুলে ধরেন ডা. নিশাত তাসনীম।
সভায় তত্ত্বাবধায়ক বলেন, বর্তমানে হাসপাতালের যেসব সংকট রয়েছে, সেগুলো দ্রুত কেটে যাবে বলে তিনি আশাবাদী। জনবল ও ওষুধের ঘাটতি এবং কারিগরি সমস্যাগুলো নিরসনে কাজ চলছে। রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। তিনি হাসপাতালের সেবার মান উন্নয়নে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ডা. বিষ্ণু প্রসাদ চন্দ, ডা. জওহর লাল শিপলুসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
