প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:০৫ পিএম
গাজীপুরের শ্রীপুর থানার মোড় এলাকায় মিছিল করার অভিযোগে আওয়ামী যুবলীগের ( কার্যক্রম নিষিদ্ধ) কর্মী পরিচয় দেওয়া ৮কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক ওই কিশোরদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, মো. মাসুদ রানা, জয়, সতেজ, মো. মোমেন, জুনাইদ, মো. আতিকুল ইসলাম ও আরিফ হোসেন। তাঁরা যুবলীগের ব্যানারে মিছিলে অংশ নেন বলে জানানো হয়েছে। তাঁদের বাড়ি শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, জুমার নামাজের পরপরই হঠাৎই কয়েকজন যুবক ও কিশোর পৌর শহরের ভুলু খান মার্কেটের সামনে ফলের দোকান সংলগ্ন জড়ো হন। তারা প্রাইভেটকার যোগে এসে একত্রিত হয়। পরে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি শেখ মুজিবুর রহমান ও যুবলীগের নেতাদের ছবি-সংবলিত ফেস্টুন-ব্যানার নিয়ে মিছিল শুরু করেন। একপর্যায়ে থানার মোড় এলাকায় পৌঁছলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাদেরকে ধাওয়া দেয়। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় বিএনপির নেতা-কর্মীরা ৮জনকে ধরে ফেলে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করেন।
এদিকে, ওই মিছিলের খবরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিএনপির নেতা-কর্মীরা পৌর শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম যায়যায়দিনকে বলেন, নামাজের সময় নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করে। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় ৮জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'