Published on
:
1 min read
এই সময়, জীবনতলা: নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে মৃত্যু হলো বছর একুশের এক তরুণের। মৃতের নাম আজহারুল লস্কর। সোমবার বারুইপুর মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, পুলিশি নির্যাতনের জেরেই মৃত্যু হয়েছে আজহারুলের। ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার।
জীবনতলা থানার কালিকাতলা অঞ্চলের কাকমারি যোগেন্দ্রনগরের বাসিন্দা আজহারুলের সঙ্গে সম্প্রতি ১৫ বছরের এক নাবালিকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ অক্টোবর ওই নাবালিকাকে নিয়ে বাড়ি ছাড়ে সে। পরদিন নাবালিকার বাবা থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে গত ১০ অক্টোবর নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি আজহারুলকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। পরিবারের দাবি, গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়েন আজহারুল। ১১ অক্টোবর তাঁকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যু হয় তাঁর। আজহারুলের বাবা-মা কাজের সূত্রে দিল্লিতে থাকেন। পুলিশি তৎপরতার পর তাঁরা দিল্লি থেকে ফিরে এসে ছেলে ও নাবালিকাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন বলে পরিবারের দাবি।
মৃতের কাকা মোশারফ হোসেনের অভিযোগ, আজহারুল সুস্থ ছিল। গত পাঁচ বছরে তাঁকে চিকিৎসকের কাছেও নিয়ে যেতে হয়নি। তাঁর প্রশ্ন, 'সুস্থ ছেলে গ্রেপ্তারের পর কী ভাবে অসুস্থ হয়ে পড়ল এবং শেষ পর্যন্ত তাকে মরতে হলো!' পরিবারের সন্দেহ, থানায় নিয়ে গিয়ে আজহারুলের উপর নির্যাতন চালানো হয়েছিল, তার জেরেই এই পরিণতি। নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন বারুইপুর পুলিশ জেলার কর্তারা।