সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় ৩১ দিন ধরে নেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আর চার মাস ধরে শূন্য রয়েছে ওসি তদন্তের পদ। থানার গুরুত্বপূর্ণ দুটি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
বর্তমানে ওসির দায়িত্ব পালন করছেন উপপরিদর্শক (এসআই) মো. নুর হোসেন। এমন পরিস্থিতিতে থানার স্বাভাবিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত গুরুত্বপূর্ণ দুটি পদে কর্মকর্তা নিয়োগ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত জগন্নাথপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম। পরে নিয়মিত বদলির অংশ হিসেবে তাকে অন্যত্র পদায়ন করা হয়। এরপর থেকে থানার ওসির পদটি শূন্য রয়েছে। ৩১ দিন পেরিয়ে গেলেও নতুন ওসি নিয়োগ দেওয়া হয়নি। একইসঙ্গে গত চার মাস ধরে ওসি তদন্ত না থাকায় গুরুত্বপূর্ণ দুটি পদে কর্মকর্তা সংকট চলছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় চুরির উপদ্রব ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে তারা রয়েছেন আতঙ্কিত। এমন পরিস্থিতিতে থানার গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় পুলিশের কার্যক্রম নিয়ে উঠছে নানান প্রশ্ন।
জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাসিম আহমেদ রুয়েল বলেন, থানার গুরুত্বপূর্ণ দুটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। স্বস্তির বিষয়, এখনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। স্থানীয় বাসিন্দা হিসেবে আমরা চাই, দ্রুত ওসি ও ওসি তদন্ত পদে দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগ দেওয়া হোক।
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও এলাকার বাসিন্দা মো. ইউসুফ আহমেদ শিমুল বলেন, আমাদের থানায় এখন একজন এসআই ওসির দায়িত্ব পালন করছেন। জগন্নাথপুরের অনেক মানুষ দেশের বাহিরে থাকেন। তাদের বাড়িঘরেতে মূল্যবান জিনিসপত্র থাকে। তাই বাড়িঘর ও সম্পদের নিরাপত্তা নিয়ে বিদেশে বসে চিন্তায় থাকেন। আমরা চাই, দ্রুত ওসি ও ওসি তদন্ত নিয়োগ দেওয়া হোক, যাতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং মানুষ নিরাপদে ও শান্তিতে বাস করতে পারেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানায় ওসির দায়িত্ব পালনকারী এসআই মো. নুর হোসেন জানান, থানায় এক মাস ধরে ওসি মহোদয় নেই। এ কারণে আমি দায়িত্ব পালন করছি।
অন্যদিকে, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাকিবুল হাসান রাসেল জানান, আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জগন্নাথপুর থানায় দ্রুত ওসি ও ওসি তদন্ত নিয়োগ দেওয়া হবে।
তবে কবে নাগাদ শূন্য পদ দুটি পূরণ করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত এই দুই পদে কর্মকর্তা নিয়োগের মাধ্যমে থানার কার্যক্রম আরও গতিশীল করা হবে এবং এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
তামিম রায়হান/এইচএস
