সালাহউদ্দিন আহমেদের মৃত্যু ফ্যাসিস্টদের ষড়যন্ত্র ও নির্যাতনের প্রতিফলন: রিজভী
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু স্বাভাবিক নয়, বরং অত্যাচার ও নিপীড়নের ফলে হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার ১৩ অক্টোবর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালাহউদ্দিন আহমেদের মৃত্যু হয়।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজায় অংশ নিয়ে রিজভী বলেন, ২০২৩ সালের অক্টোবরের আন্দোলনের সময় সালাহউদ্দিন আহমেদকে অত্যন্ত নিষ্ঠুর ও নির্মমভাবে গ্রেপ্তাতার করে নির্যাতন চালানো হয়। কারাগারে তিনি বারবার অসুস্থ হয়ে পড়লেও উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি।
তিনি আরও বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশের যতটুকু সৃষ্টি হয়েছে, সেই পরিবেশ বেশি দিন ভোগ করতে পারেননি সালাহউদ্দিন আহমেদ। তবে তিনি রাজনৈতিক জীবনে একাগ্রতা, দলের প্রতি অকুণ্ঠ সমর্থন ও দলীয় কর্মসূচির প্রতি আনুগত্যের দৃষ্টান্ত রেখে গেছেন। অনেক জাতীয় নেতা বিভিন্ন সময়ে নিজেদের আদর্শ ও অবস্থান থেকে বিচ্যুত হলেও সালাহ উদ্দিন আহমেদ শত নির্যাতনের পরও তার আদর্শ ও নীতি থেকে সরে যাননি।
বুধবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অনেকে। বিএনপি ও পারিবারিক সূত্র জানিয়েছে, সালাহউদ্দিন আহমেদের তৃতীয় জানাজা বিকেলে শ্যামপুরের লাল মসজিদে অনুষ্ঠিত হবে। পরে জুরাইন গোরস্তানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
