ছবির ক্যাপশন: .
মো. মাসুদ আলম সাগর, ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর সিআরবি তাসফিয়া গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে মহানগর কমিটির সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী টিটুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন-এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সহ-সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর শাখার উপদেষ্টা এস. এম. আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব, ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রদান মো. মাসুদ আলম সাগর। এসময় আরো উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক, বন্ধু সাহিত্য পাতার সভাপতি সায়দুল হক।
সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, সফিকুর রহমান, জাহাঙ্গীর আলম আপনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে নামাজ, রোজা ও ইবাদত-বন্দেগির মাধ্যমে মানুষ আত্মশুদ্ধির সুযোগ লাভ করে এবং মহান আল্লাহ তাআলার কাছে জীবনের সকল গুনাহ মাফ চাওয়ার এক বিশেষ সময় পাওয়া যায়।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করে সকল ধর্মপ্রাণ মুসলমানকে বেশি বেশি ইবাদত-বন্দেগিতে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ এনে দেয়। পাশাপাশি মানবকল্যাণ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রেও এ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী টিটু তাঁর সমাপনী বক্তব্যে বলেন, সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত খতমে কোরআন, ইফতার ও দোয়া মাহফিলে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছে। এজন্য তিনি সংগঠনের সকল সদস্য-সদস্যাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সংগঠনকে আরও এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা শেষে মতবিনিময়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কেক কেটে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
