প্রেক্ষাগৃহের পাশাপাশি ঘরে বসেও দেখা যাবে ‘রামায়ণ’!
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নমিত মালহোত্রার মেগা প্রজেক্ট ও নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: রাইস অব দ্য লিজেন্ড’।
কিন্তু যারা হলে গিয়ে এই মহাকাব্যিক ড্রামা পর্দায় দেখতে পারবেন না, তাদের জন্য় বসার ঘরেই হাজির হবেন রণবীর কাপুর-সাই পল্লবীরা। তবে সাধারণ ওটিটি সাবস্ক্রিপশনে ফ্রিতে নয়, বরং ‘পে-পার-ভিউ’ বা অন-ডিমান্ড পারচেজ মডেলে আলাদা টাকা দিয়ে কিনে ছবিটি দেখতে পারবেন দর্শকরা।
প্রাইম ফোকাস স্টুডিওস ও জিওহটস্টার এর ঐতিহাসিক চুক্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।
জিওস্টার-এর চেয়ারম্যান নীতা এম আম্বানি এই উদ্যোগ নিয়ে বলেন, ‘রামায়ণ আমাদের সভ্যতার অন্যতম অমূল্য সম্পদ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের জীবনবোধ ও কল্পনাকে অনুপ্রাণিত করেছে। ভারত যখন গল্প বলার এক নতুন যুগে প্রবেশ করছে, তখন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার এটি এক দুর্দান্ত সুযোগ। জিওহটস্টারে আমাদের লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে সেরা গল্পগুলো প্রতিটি ভারতীয়র কাছে পৌঁছে দেওয়া। এই মহাকাব্যিক সিনেমাটিক সৃষ্টিকে দেশের প্রতিটি পরিবারের কাছে নিয়ে যাওয়া এবং নতুন প্রজন্মকে এর চিরন্তন মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দেওয়া আমাদের জন্য পরম সৌভাগ্যের।’
৪০০০ কোটির ছবির প্রযোজক নমিত মালহোত্রা বলেন, ‘আমি বিশ্বাস করি রামায়ণ সিনেমা হলের সবচেয়ে বড় পর্দায় অর্থাৎ IMAX 3D-তেই দেখার মতো একটি অভিজ্ঞতা। কিন্তু আমাদের দেশের সিনেমা অবকাঠামো সব মানুষের কাছে পৌঁছাতে পারে না। রামায়ণ প্রতিটি ভারতীয়র, তাই আমাদের লক্ষ্যও তেমনই বড় হওয়া উচিত। জিও হটস্টারের সাথে হাত মিলিয়ে সিনেমা হল প্রদর্শনী শেষে ছবিটি মানুষের হাত ও বসার ঘরে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।’
আগামী ৫ নভেম্বর দীপাবলির পুণ্য তিথিতে বিশ্বজুড়ে আইম্যাক্স থ্রিডি (IMAX 3D)-সহ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই দুই পর্বের লাইভ-অ্যাকশন সিরিজটির প্রথম পর্ব। ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে। ছবির দ্বিতীয় পর্বটি প্রেক্ষাগৃহে আসবে ২০২৭ সালে।
ছবিতে শ্রী রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর, মা সীতার ভূমিকায় দেখা মিলবে সাই পল্লবীর। রাবণের ভূমিকায় থাকছেন যশ। হনুমানের চরিত্রে অভিনয় করবেন সানি দেওল। এছাড়াও লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে-কে অভিনয় করতে দেখা যাবে। অন্যান্য চরিত্রে রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, কুণাল কাপুর এবং কাজল আগারওয়াল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…