ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির দারাজ এলাকা থেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ৭৫ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ভবনের ধ্বংসাবশেষের নিচে পড়ে থাকার পর এসব মরদেহ উদ্ধার করে রোববার (১৮ অক্টোবর) একসঙ্গে জানাজা শেষে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরাকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনো ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় আট হাজার ফিলিস্তিনির মরদেহ পড়ে রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৭৪ হাজার ৪৬৯ জন নিহত ও ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন আহত হয়েছে। প্রকৃত হতাহত মানুষের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি হামলায় গাজার বিপুলসংখ্যক ভবন ধ্বংস হয়ে গেছে। এতে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। উপত্যকার সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা দখলে চলে যাওয়ায় অনেক বাসিন্দা উপকূলীয় অঞ্চলে আশ্রয় নিয়েছে।