নওগাঁর রাণীনগরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পূজা মন্দির কমিটির সহ-সভাপতিসহ দুই জনকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে মো. রায়হান নামে এক যুবকের বিরুদ্ধে। তার ছুরিকাঘাতে আহত হয়েছেন ত্রিমোহনী শ্রী শ্রী কালীমাতা মন্দির কমিটির সহ-সভাপতি বিকাশ চন্দ্র সাহা (৪৫) এবং একই গ্রামের অসীম চন্দ্র সাহা (৪০)।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ত্রিমোহনী শ্রী শ্রী কালীমাতা মন্দিরের সামনে এই ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করেছেন।
এ ঘটনায় রাতেই রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত ওই যুবক পলাতক থাকায় তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আহতদের সঙ্গে কথা বলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. রায়হান (৩৬) নামের এক যুবক ত্রিমোহনী শ্রী শ্রী কালীমাতা মন্দির (দুর্গাপূজা মন্ডপ)-এর সামনে এক নারীকে উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয় লোকজন তাকে বাধা দিলে স্থানীয়দের সাথে ওই যুবক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থল থেকে চলে যায়। এর কিছু পর আবারও ওই যুবক ফিরে এসে স্থানীয়দের সাথে তর্কে জড়ান। একপর্যায়ে যুবক রায়হান ধারালো ছুরি দিয়ে মন্দির কমিটির সহ-সভাপতি বিকাশ চন্দ্র সাহার উরুতে এবং অসীম চন্দ্র সাহার হাতের তালুতে ছুরকিাঘাত করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটলে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে সাথে সাথে রাণীনগরের ইউএনও, থানার ওসি পুলিশ ফোর্সসহ এবং নাটোর ক্যাম্পের এসআরবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জড়িতদের গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে এলাকার পরিস্থিতী শান্ত হয়।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, ছুরিকাঘাতের ঘটনায় রাতেই যুবক রায়হানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু সে পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
