মুম্বাইয়ে গুলির ঘটনার পর নতুন ছবিতে ব্যান্ডেজ ছাড়া দেখা গেছে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে। মঙ্গলবার অভিনেতার সঙ্গে দেখা করার পর মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলার ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এর আগে হামলার পর প্রকাশিত ছবিতে টাইগারের বুক ও বাঁ হাতে ব্যান্ডেজ দেখা গিয়েছিল। নতুন ছবিগুলো অভিনেতার ভক্তদের স্বস্তি দিয়েছে।
গত ১৮ অক্টোবর, রোববার মুম্বাইয়ে একটি ফুটবল ক্লাব থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রকাশিত একটি ভিডিওতে হামলাকারীদের খুব কাছ থেকে গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়।
হামলার পর প্রকাশিত প্রথম ছবিগুলোতে টাইগারকে খালি গায়ে দেখা যায়। তার বুক ও বাঁ হাতে ব্যান্ডেজ ছিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, হামলায় তিনি সামান্য ঘষা লেগে যাওয়া ধরনের আঘাত পেয়েছিলেন। তাকে চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করানোর পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার টাইগারের সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলার। পরে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার কথা জানিয়ে তিনি ছবিগুলো প্রকাশ করেন।
ছবির সঙ্গে দেওয়া বার্তায় আশিস শেলার লেখেন, জুহুতে গুলির অনাকাঙ্ক্ষিত ঘটনার পর টাইগার শ্রফের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন তিনি। এ ধরনের সহিংসতার সমাজে কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে টাইগারের শক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেন।
হামলার পর দেখা করেন উপমুখ্যমন্ত্রী
গুলির ঘটনার পর রোববারই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে টাইগার শ্রফের সঙ্গে দেখা করেন। অভিনেতার বাড়িতে তাদের সাক্ষাতের ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব ছবিতেও টাইগারকে খালি গায়ে এবং শরীরে ব্যান্ডেজসহ দেখা যায়।
সাক্ষাতের পর একনাথ শিন্ডে হামলার নিন্দা জানান। তিনি বলেন, টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা গভীর উদ্বেগজনক এবং নিন্দনীয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
শিন্ডে আরও জানান, এ বিষয়ে তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং টাইগার শ্রফের সঙ্গেও যোগাযোগ করেছেন। গুলি চালানো ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য মুম্বাই পুলিশ কমিশনার একাধিক দল গঠন করেছেন। মুম্বাই ও শহরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের তাৎক্ষণিক অগ্রাধিকার বলেও জানান তিনি।
গুলির ঘটনায় আহত চালক ও ভক্ত
গত ১৮ অক্টোবর তিন হামলাকারী টাইগার শ্রফের গাড়ির সামনে এসে গুলি চালায়। অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়িচালক এবং গাড়িটির কাছে থাকা এক ভক্ত আহত হন।
হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার পর টাইগার নিজেই তার গাড়িচালককে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় রাজস্থানের কোটায় তিনজনকে আটক করা হয়। পরে তাদের মুম্বাই পুলিশের হেফাজতে নেওয়া হয়। মঙ্গলবার দিল্লি পুলিশও এ ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করে।
/অ
