সুন্দরবনের ডাকাত বাহিনীর হাতে জিম্মি থাকা ৪ জেলে উদ্ধার

প্রভাত সংবাদদাতা, বাগেরহাট: সুন্দরবনে কুখ্যাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলা। রবিবার (১১ অক্টোবর) সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (১২ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তারা সবাই খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা।
কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন, গত ১০ অক্টোবর ২০২৬ সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে জিম্মি করেন। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাদের নির্যাতন করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সম্রাট বাহিনীর সদস্যরা খুলনার দাকোপ থানার সুন্দরবন অংশে শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ১১ অক্টোবর দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, অভিযান চলাকালে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যান। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
More News Of This Category

