জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির নবঘোষিত ২০ সদস্যের আহ্বায়ক কমিটি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিবসহ ছয়জন সরকারি চাকরিজীবীকে অন্তর্ভুক্ত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পদবঞ্চিত ও দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা।
তাদের অভিযোগ, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা নেতাদের যথাযথ মূল্যায়ন না করে সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। একই সঙ্গে কমিটি গঠনে দলীয় গঠনতন্ত্র ও সরকারি চাকরিবিধি অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদের যৌথ স্বাক্ষরে ফুলবাড়ী উপজেলা বিএনপির ২০ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে উপজেলার রোশন শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান হাসুকে আহ্বায়ক এবং পূর্ব কুরুষা ফিরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মুকুলকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে স্থান পেয়েছেন কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, যতীন্দ্র নারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল, সরকারি সাইফুর রহমান কলেজের শরীরচর্চা শিক্ষক ও সাংবাদিক শাহীনুর রহমান এবং অগ্রণী ব্যাংকের ফুলবাড়ী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা তহিদুল হক।
কমিটি ঘোষণার পর বিষয়টি নিয়ে দলের ভেতরে সমালোচনা শুরু হয়েছে। নতুন কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, “ফুলবাড়ী উপজেলা বিএনপির এই কমিটিকে কোনোভাবেই দলীয় কমিটি বলা যায় না। এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কমিটি হয়ে গেছে।”
খোরশেদ আলম আরও বলেন, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫(১) বিধিতে সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের সদস্য হওয়া ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। তার অভিযোগ, জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব অনিয়ম করে এসব ব্যক্তিকে কমিটিতে স্থান দিয়েছেন। বিষয়টি বিএনপির হাইকমান্ড ও কেন্দ্রীয় নেতাদের লিখিতভাবে জানানো হবে বলেও জানান তিনি।
অন্যদিকে কমিটির নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে ফুলবাড়ি উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ১৪ তারিখ ফুলবাড়ির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করেছে৷
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন, চাকরিবিধি অনুযায়ী সরকারি শিক্ষক-কর্মচারীদের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। রাজনৈতিক দলের পদ গ্রহণ, দলীয় সভা-মিছিল কিংবা নির্বাচনি প্রচারে সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।
কমিটিতে সরকারি চাকরিজীবীদের অন্তর্ভুক্তি ঘিরে ফুলবাড়ী উপজেলা বিএনপিতে সৃষ্ট এই অসন্তোষ শেষ পর্যন্ত দলীয় রাজনীতিতে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট নেতাকর্মীদের।

