চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। বুধবার (২১ অক্টোবর) ভোররাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ঢেমশা গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালকসহ অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মঈন হোসেন ও এসআই মোহাম্মদ জহির আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত টহল ডিউটি পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, ধর্মপুর ইউনিয়ন এলাকায় একটি ডাম্পার ট্রাকে করে অবৈধভাবে দেশীয় তৈরি চোলাই মদ পরিবহন করা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যরা ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামপাড়া এলাকায় হরিদিরণের পেছনে বাদল শর্মার বাড়ির পাশের সড়কে অবস্থান নেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহভাজন ডাম্পার ট্রাকটিকে ধাওয়া করা হলে চালকসহ অজ্ঞাতনামা কয়েকজন সেটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।
পরে উপস্থিত লোকজনের সামনে ডাম্পার ট্রাকটি তল্লাশি করে এর পেছনের অংশ থেকে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ডাম্পার ট্রাকটি জব্দতালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।
এ ঘটনায় সাতকানিয়া থানার এসআই মঈন হোসেন বাদী হয়ে ডাম্পার ট্রাকের চালকসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৪(গ), ৩৮ ও ৪১ ধারায় সাতকানিয়া থানায় নিয়মিত মামলা করা হয়। মামলাটির নম্বর ২৯; তারিখ ২১ অক্টোবর ২০২৬।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ডাম্পার ট্রাক থেকে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে গেলেও তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ওসি আরও জানান, সাতকানিয়াকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
The post সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদ উদ্ধার appeared first on ভোরের চেতনা.
