সরকারি নিয়ম মেনে ইজারা নেওয়া জলমহাল দখলকে কেন্দ্র করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মাছ লুটপাট এবং মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন ও তাঁর লোকজনের বিরুদ্ধে। ইটনা উপজেলার পাচকাহনীয়া (ভূগলী) জলমহাল নিয়ে এই বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের শিমুলবাক এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জলমহালটির বৈধ ইজারাদার মো. ফরহাদ মিয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
সংবাদ সম্মেলনে ইজারাদার ফরহাদ মিয়া জানান, সরকারি নীতিমালা অনুসরণ করে পাচকাহনীয়া (ভূগলী) জলমহাল ইজারা নেওয়ার পর থেকেই একটি প্রভাবশালী চক্র তাঁকে নানাভাবে হয়রানি করে আসছে। জলমহালের পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার বদলে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর নির্যাতন ও বিরোধ আরও তীব্র করা হয়।
ফরহাদ মিয়া আরও অভিযোগ করেন, তাঁকে কোণঠাসা করতে একের পর এক মামলা দেওয়া হচ্ছে এবং পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে পুরো পরিবার নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া সম্প্রতি রাতের আঁধারে জলমহালের চারজন পাহারাদারকে আটকে রেখে মাছ লুটপাট করা হয় এবং পরবর্তীতে ওই পাহারাদারদের উল্টো ডাকাতি মামলায় জড়িয়ে পুলিশে দেওয়া হয় বলে তিনি দাবি করেন। বারবার এমন প্রতিবন্ধকতায় জলমহালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ফরহাদের দাবি, আইনজীবী সমিতির শীর্ষ পদে থাকার সুবাদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন তাঁর প্রভাব ব্যবহার করে এই হয়রানি চালাচ্ছেন এবং স্থানীয় প্রশাসন বা আদালত থেকে প্রতিকার পেতে বাধা সৃষ্টি করছেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। যারা অভিযোগ করেছেন, তাঁরা প্রমাণ দিক। আপনারা সবার বক্তব্য নিন, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন, সংসদ সদস্যের বক্তব্যও নেন। সত্য যা পাবেন, সেটাই লিখবেন। আমার কোনো আপত্তি নেই।’
উল্লেখ্য, এই জলমহাল নিয়ে বিরোধের জের ধরে গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় বাসিন্দা ও ইজারাগ্রহীতাদের উদ্যোগে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে চাঁদা দাবি ও জলমহালে বাধার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।
সোমবারের সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাখন, ইটনা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর শেখ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. রহিম, সাবেক বিএনপি নেতা নুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেএইচআর
