মেহেরপুরের নবাগত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেছেন, জেলায় মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের কোনো দৌরাত্ম্য সহ্য করা হবে না এবং এদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ও অনলাইন জুয়ার মতো সব অপরাধের পাশাপাশি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও সমভাবে অভিযান অব্যাহত থাকবে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নবাগত পুলিশ সুপার বলেন, সালিসের নামে মানুষকে নির্যাতন করা কিংবা আইনি সেবা প্রাপ্তির অধিকার থেকে কাউকে বঞ্চিত করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই ধরনের কোনো অপতৎপরতা জেলায় থাকলে তা চিরতরে বন্ধ করে দেওয়া হবে।
থানা পুলিশিং সম্পর্কে তিনি উল্লেখ করেন, থানায় সেবা নিতে আসা মানুষ যেন কোনো হয়রানি ছাড়া কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়ে সব পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি থানাকে প্রকৃত অর্থেই সেবাকেন্দ্রে রূপান্তর করা হবে, যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে ও নির্ভয়ে তাঁদের অভিযোগ জানাতে পারেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা তৃণমূল পর্যায়ে মাঠপর্যায়ে কাজ করার কারণে অনেক তথ্য সবার আগে পান। মেহেরপুরকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সাংবাদিকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আশাবাদ প্রকাশ করেন তিনি।
মতবিনিময় সভায় সাংবাদিকেরা এলাকার অনলাইন জুয়া, চুরি, মাদক, চোরাচালান, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ প্রকাশ করলে নবাগত পুলিশ সুপার এসব বিষয়ে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
